
ছবুর হোসেন, বরিশাল//
বরিশালের বাবুগঞ্জে প্রায় আড়াই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে পাচ্ছেন সরকারি প্রণোদনার বীজ এবং সার। চলতি অর্থবছরে রবি মৌসুমের ওই প্রণোদনা কর্মসূচিতে গম, সরিষা, সূর্যমুখী, সয়াবিন, খেসারি, মসুর, মুগ, চিনাবাদাম, ফেলন ও বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেওয়া হচ্ছে উন্নত জাতের এসব বীজসহ সার।
প্রত্যেক কৃষককে জমি অনুযায়ী ১ থেকে ২০ কেজি বীজের সাথে দেওয়া হচ্ছে ২০ কেজি করে ডিএপি এবং এমওপি সার। গতকাল ওই কৃষি প্রণোদনের বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবদুর রউফের সভাপতিত্বে এসময় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবদুল করিম হাওলাদার, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা রহমাতুল্লাহ মাতুব্বর, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক সাইফুর রহিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরুন্নাহার বেগম।
এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান সুমন, রিয়াজুল ইসলাম ওমর, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাব উদ্দিন বাচ্চু, বাবুগঞ্জ প্রেসক্লাব সম্পাদক আরিফ হোসেন, দপ্তর সম্পাদক আল-আমিন হাওলাদার, বিমানবন্দর প্রেসক্লাব সম্পাদক রোকনুজ্জামান সোহাগ, যুগ্ম-সম্পাদক রুবেল সরদার প্রমুখসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রণোদনাপ্রাপ্ত কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ বলেন, ‘কৃষির উৎপাদন বৃদ্ধি করতে সরকার কৃষকদের বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে।
যারা এই কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন রবি শষ্যের বীজ এবং সার পাচ্ছেন তারা সেগুলো যথাযথভাবে কাজে লাগাবেন। কেউ সরকারি অনুদান নষ্ট করবেন না।
সরকার ভর্তুকি দিয়ে কিনে আপনাদের এসব বীজ ও সার সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে। বিনিময়ে সরকার আপনার ফসল চায় না। আপনার উৎপাদিত ফসল আপনিই ভোগ করবেন। শষ্য উৎপাদন বাড়িয়ে নিজে স্বাবলম্বী হবেন। আপনারা কৃষকরা স্বাবলম্বী হলেই স্বনির্ভর হবে দেশ।’