
সংবাদ ডেস্ক//
ঝালকাঠির নলছিটিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে বাচ্চু মল্লিক (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার সুবিদপুর ইউনিয়নের ইছাপাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বাচ্চু মল্লিক ওই গ্রামের জলিল মল্লিকের ছেলে।
নিহতের ভাই আবু বকর মল্লিক জানান, রবিবার সকাল ১০টার দিকে বাচ্চু মল্লিক নিজের সবজি বাগান দেখতে যান। এ সময় পাশের জমিতে পেতে রাখা ইঁদুর মারার বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত তার পা জড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, প্রতিবেশী পিন্টু হাওলাদার ও আলাউদ্দিন জোমাদ্দার তাদের জমিতে ইঁদুর মারার জন্য বিদ্যুতের ফাঁদ পেতে রেখেছিলেন। সেই ফাঁদে জড়িয়েই বাচ্চু মল্লিকের মৃত্যু হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।