নিজস্ব প্রতিবেদক//
ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে ঝালকাঠির এনএস কামিল মাদরাসায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টায় মাদরাসা কর্তৃপক্ষের উদ্যোগে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
মাদরাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ মো. খলিলুর রহমান নেছারাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেলের) এস এম বায়জিদ ইবনে আকবর এবং জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন আযিযুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোসাদ্দেক হোসেন এবং এনএস কামিল মাদরাসার অধ্যক্ষ গাজী শহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নৈতিক শিক্ষার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ সাংস্কৃতিক চর্চা ও ক্রীড়া কার্যক্রমের পরিবেশ নিশ্চিত করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে এ দায়িত্ব পালন করতে হবে।”
তিনি আরও জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে স্কুল, কলেজ ও মাদরাসার খেলার মাঠ সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে।
সভায় বক্তারা মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে ধর্মীয় অনুশাসন, পারিবারিক মূল্যবোধ এবং নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে মানবিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নতুন প্রজন্মকে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।