
সংবাদ ডেস্ক//
পটুয়াাখালীর বাউফলে আলোচিত একটি ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ও ডাকাত দলের সরদার মো. বাচ্চু সরদারকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-৮। মঙ্গলবার (৩০ জুন) গভীর রাতে বরিশাল মহানগরীর কোতয়ালি মডেল থানার কালিজিরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার বাচ্চু সরদার বাউফল উপজেলার কালাইয়া এলাকার বাসিন্দা। তিনি আলম সরদারের ছেলে।
র্যাব ও বাউফল থানা সূত্রে জানায়, গত ২৪ আগস্ট ২০২৫ রাতে বাউফল উপজেলার বাসিন্দা আজাহার জোমাদ্দারের বাড়িতে ৬/৭ সদস্যের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে।
পরে তারা নগদ ৫ লাখ টাকা এবং পায় ৪৩ লাখ ৩৯ হাজার টাকার স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বাউফল থানায় একটি ডাকাতি মামলা করেন।
র্যাবের দাবি, ঘটনার পর থেকেই বাচ্চু সরদার আত্মগোপনে চলে যান এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান (পিপিএম-সেবা) বিষয়টি নিশ্চিত করে বরিশালটাইমসকে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মহানগরীর কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’