সংবাদ ডেস্ক//
মব আর নির্বাচন একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
জাপা মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টি দেশের মানুষের পক্ষে কথা বলে। এখন দেশটা দুইভাগে ভাগ হয়ে গেছে। একটা ৭১-এর পক্ষে অপরটা বিপক্ষে। জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের সপক্ষের দল।’
তিনি আরও বলেন, ‘মব আর নির্বাচন একসঙ্গে চলতে পারে না। তফসিল ঘোষণার পর মব হলে এটা রাষ্ট্রীয় ও নির্বাচন কমিশনের দুর্বলতা।’
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘দেশে নির্বাচনের কোন আমেজ নেই। কারো মুখে হাসি নেই। আমরা হাসিহীন একটা নির্বাচন করছি। জনসংখ্যার একটা বিরাট অংশকে বাদ দিয়ে নির্বাচন করলে এ ধরনের দ্বিধা দ্বন্দ দেখা যায়, যা আমরা ২০১৪ সালে দেখেছিলাম। আমরা মনে করি ১৪ সালের থেকে এবারের নির্বাচন ভাল হবে।’
তিনি সাংবাদিকদে উদ্দেশ্যে বলেন, ‘আমার উন্নয়নের ভাবনাগুলো তুলে ধরবেন। আমার সৃষ্টি হয়েছে মিডিয়া দিয়ে। তাই মিডিয়ার গুরুত্ব আমি বুঝি। আমি নির্বাচিত হলে চরাঞ্চল ফাউন্ডেশন গঠন ও বালাশী-বাহাদুরাবাদ সেতু নির্মাণে অগ্রনী ভূমিকা পালন করব।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি সরোয়ার হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক আনোরুল ইসলাম লেবু, জেলা যুব সংহতির সভাপতি একেএম নুরুন্নবী সরকার মিথুন, ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফিউল ইসলাম চাঁন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সবুজ সহ দলীয় নেতাকর্মীরা।
এর আগে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী লাঙ্গল মার্কায় ভোট চেয়ে ফুলছড়ি হাটে গণসংযোগ করেন এবং উপজেলা হেলিপ্যাড মাঠে কর্মীসভায় যোগ দেন।
ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফিউল ইসলাম চাঁনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সবুজের সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সভাপতি সরোয়ার হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক আনোরুল ইসলাম লেবু, জেলা যুব সংহতির সভাপতি এ কে এম নুরুন্নবী সরকার মিথুন, ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি আবুল কালাম আজাদ, উদাখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি দিজেন চন্দ্র রায়, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আমিন আহমেদ প্রমুখ।