সংবাদ ডেস্ক//
চট্টগ্রামে একের পর এক অগ্নিসংযোগ, হামলা ও পুলিশের তল্লাশিকে ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। এরই মধ্যে এবার পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার বাড়িটিতে এ ঘটনা ঘটে। এতে বাড়িটির নিচতলায় আগুন জ্বলে ওঠে।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ড. ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর সামনে এসেছে।
চট্টগ্রামের মুরাদপুরে ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। দেশের বিভিন্ন এলাকায় এসব ঘটনার পর এবার সরাসরি পেট্রলবোমার নিশানায় এলো সাবেক প্রধান উপদেষ্টার বাসভবন।
কালের কণ্ঠের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, পাঁচলাইশ আবাসিক এলাকার বাড়িটির নিচতলায় আগুন জ্বলছে। রিকশায় যাওয়ার সময় এক পথচারী ঘটনাটি ভিডিও ধারণ করেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কালের কণ্ঠকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।’
তবে কারা পেট্রলবোমা নিক্ষেপ করেছে, কী উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে একই রাতে চট্টগ্রামের রাজনীতিতে আরেকটি ঘটনা আলোচনায় আসে। রাত ১০টার দিকে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের আন্দরকিল্লার বাসায় তল্লাশি চালায় পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির বলেন, আ জ ম নাছির উদ্দিনের বাসায় তল্লাশি চালানো হয়েছে। তবে তাকে সেখানে পাওয়া যায়নি।
একই রাতে একদিকে সাবেক প্রধান উপদেষ্টার বাসভবনে পেট্রলবোমা নিক্ষেপ, অন্যদিকে সাবেক মেয়রের বাসায় পুলিশের তল্লাশি—চট্টগ্রামের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
তবে এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। হামলার পেছনের উদ্দেশ্য, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনাগুলোর সঙ্গে এর সম্পর্ক তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়ার অপেক্ষায় রয়েছে।