ছবুর হোসেন, বরিশাল//
ইসলামী ছাত্রশিবিরের নেতার নারী নির্যাতন ও গুম-অপহরণ নাটকের’ প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল।
রোববার দুপুরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে থেকে শুরু করে। পরে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়।
মিছিলে নেতাকর্মীরা ‘শিবিরের মূলনীতি, ভণ্ডামি আর মুনাফেকি’, ‘বাহ শফিক চমৎকার, ধর্ষকের পাহারাদার’, ‘জাস্টিস জাস্টিস’ ইত্যাদি স্লোগান দেন।
মিছিল শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত বলেন, “শিবির নানা ধরনের গুজব সাজিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
গুম এবং অপহরণের মত সংবেদনশীল শব্দকে তারা প্রতারণার আশ্রয়ে নিয়ে গেছে। তারা নিজেরা অপরাধ করে নিজেদের ভুক্তভোগী সাজিয়ে মূল ভুক্তভোগীকে অপরাধী বানাতে চায়।
বাংলাদেশে ধর্ষণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা আবার এই ধরনের প্রতারণার রাজনীতি করলে, তাদেরকে আবার প্রতিহত করা হবে।”
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, “শিবির গুমের নাটক সাজিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।
কেন্দ্রীয় নেতার এমন প্রমাণিত অসামাজিক কাজকে বৈধতা দেওয়ার জন্য জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আরও একবার প্রমাণ করলেন, তাদের নারীনীতির ব্যাপারে কোনো সৎ নীতি নেই।”
তিনি বলেন, “ছাত্রশিবিরের নেতারা নিজেরা গোপনে অসামাজিক কাজ করেন, সেটি আবার ধামাচাপা দেওয়ার জন্য গুমের নাটক করেন। তাদের এই দ্বিচারিতার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। নাহলে ছাত্রদল দেশের জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে।”