স্পোর্টস ডেস্ক//
২০২৬ ফিফা বিশ্বকাপে মাঠে নেই বাংলাদেশ। তবে গ্যালারিতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতি বাংলাদেশের উচ্ছ্বসিত সমর্থন এবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে। আর সেই ভালোবাসার প্রতিদান দিতে এবার বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার।
জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে নাটকীয় ২-১ গোলের জয়ের পর টি স্পোর্টসকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানান অ্যালিসন।
তিনি বলেন, ‘ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য। আমি বেশ কিছু ভিডিও দেখেছি। বাংলাদেশের মানুষদের আমি ধন্যবাদ দিতে চাই। ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে। এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।’
জাপানের বিপক্ষে ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। কাসেমিরোর সমতাসূচক গোলের পর যোগ করা সময়ের শেষ দিকে জয়সূচক গোল করে শেষ ষোলো নিশ্চিত করে কার্লো আনচেলত্তির দল।
ম্যাচ শেষে ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোও বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মিক্সড জোনে তিনি বলেন, বিশ্বকাপজুড়ে ব্রাজিলের প্রতি বাংলাদেশের সমর্থন তাদের অনুপ্রাণিত করছে।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি ভালোবাসা প্রকাশের ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছিলেন।
জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে মার্তিনেজ বলেছিলেন, ‘আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। আমি সেখানে গিয়েছি। আমি জানি, বাংলাদেশের মানুষ আমাদের জন্য কতটা পাগল। বাংলাদেশের জন্য আমার অনেক ভালোবাসা।’
বিশ্বকাপের প্রতিটি আসরেই আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরে বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জায়গা করে নেয়। এবারও দুই দলের জয়ের পর দেশের বিভিন্ন স্থানে আনন্দ-উল্লাসের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করা ব্রাজিল এখন অপেক্ষায় রয়েছে নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের। অন্যদিকে আর্জেন্টিনা শেষ ৩২-এর ম্যাচে আগামী ৪ জুলাই মুখোমুখি হবে কেপ ভার্দের।