সংবাদ ডেস্ক//
রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটক থেকে দুইটি শক্তিশালী তাজা গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এসময় ঢাকা থেকে বগুড়া যাবার উদ্দেশে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল মাহমুদ হাসান টুকুকে নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বের করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে রাজশাহীতে অবতরণ করেন মন্ত্রী। ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে তিনি রাজশাহীতে যাত্রাবিরতি করেন।
জানা গেছে, বিদ্যুৎমন্ত্রী অবস্থানরত অবস্থায় এক ব্যক্তি বিমানবন্দরের সামনে পড়ে থাকা দুটি সন্দেহজনক বস্তু সম্পর্কে দায়িত্বরত পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে ফেলে মন্ত্রীকে বিষয়টি জানায়।
এরপর নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে মূল ফটক ব্যবহার না করে পেছনের গেট দিয়ে বের করা হয়। সেখান থেকে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে যাত্রা করেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘প্রথমে নিরাপত্তকর্মীরা হ্যান্ড গ্রেনেড দুটিই দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা গিয়ে গ্রেনেড দুটি উদ্ধার করেন।
পরে পবা উপজেলা বায়া এলাকায় লোকালয় থেকে দূরে একটি মাঠের মধ্যে বোম ডিসপোজাল ইউনিট এবং এসআরবির সদস্যরা হ্যান্ড গ্রেনেড দুটির বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’