1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

গরু চুরির সময় জনতার হাতে ধরা পড়ল চোর চক্র

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নে রশির ফাঁদ পেতে গরু চুরির সময় হাতেনাতে ধরে ৫ চোরকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা।

এ ঘটনায় সোমবার (১ সেপ্টেম্বর) রাতে রাঙ্গাবালী থানায় একটি মামলা করা হয়েছে। চোরদের কাছ থেকে উদ্ধার হওয়া গরুর মালিক উপজেলার মৌডুবী ইউনিয়নের খাসমহল গ্রামের মো. ইমাম হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙা গ্রামের মো. সাইদুল বয়াতী (৩৫), কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের মো. ফেরদাউস সিকদার (৩৫), পটুয়াখালীর কমলাপুর ইউনিয়নের মধ্য ধরান্দি গ্রামের মুজাম্মেল হোসেন সিকদার (৪৮), কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ছইলাবুনিয়া গ্রামের মো. আবু কালাম আজাদ (৪১), কলাপাড়া পৌরসভার চিংগুড়িয়া গ্রামের শ্রী সুভাষ বেপারী (৫৫)।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চোর চক্র উপজেলার বিভিন্ন এলাকা থেকে গবাদিপশু চুরি করছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ৫ জন ছাড়াও এই মামলায় পলাতক দুইজন এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বাদীর ২৪টি গরু উপজেলার জাহাজমারা চরে ছিল। সোমবার ভোর রাত সাড়ে ৪টার দিকে স্থানীয়রা দেখতে পান, কয়েকজন চোর ওই গরুগুলোর মধ্যে থেকে দুটি গরু ফাঁদ পেতে ধরে নিয়ে পাশের ট্রলারের দিকে যাচ্ছে। এসময় স্থানীয়দের চিৎকারে কয়েকজন পালিয়ে গেলেও পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। স্থানীয়দের সহায়তায় চুরি যাওয়া দুটি গরু উদ্ধার করা হয়। একইসঙ্গে গরু ধরার ফাঁদ জব্দ করেছে পুলিশ।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, মঙ্গলবার সকালে পাঁচ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com