
মিঠু আহম্মেদ, বরিশাল//
বরিশাল নগরীতে একটি যাত্রীবাহী পরিবহনে অভিযান চালিয়ে বিপুল পরিমান ঝাটকা মাছ জব্দ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১ টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ও প্রত্যক্ষ সহযোগিতায় বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার পিস ঝাটকা মাছ জব্দ করা হয়।
গোয়েন্দা সূত্রে জানা যায়- এনএসআই গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ঝাটকা মাছগুলো বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছে।
সেই সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ১১ টার দিকে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এনএসআইর একটি গোয়েন্দা অভিযানিক দল গাড়িটি গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় যাত্রীদের মালামাল রাখার স্থানে ককশিটে প্রায় ৫ হাজার পিস ঝাটকা মাছ পাওয়া যায়।
পরবর্তীতে জব্দকৃত মাছগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম পলিনের নির্দেশে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা জামাল হোসেনের উপস্থিতিতে সরকারি শিশু পরিবার, নিকটস্থ বৃদ্ধাশ্রম ও কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়।