
ক্রীড়া ডেস্ক//
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রাজশাহী অঞ্চলের নবনির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত নির্বাচিত হওয়ার একদিনের মাথায় পদত্যাগ করেছেন। সোমবার (৮ জুন) বিসিবি সভাপতি বরাবর জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততার কথা উল্লেখ করেছেন।
চিঠিতে সীমান্ত বলেন, তার বাবা মীর শাহে আলম বর্তমানে সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এ কারণে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের পুরো দায়িত্ব এখন তার ওপর বর্তেছে।
তিনি উল্লেখ করেন, এই ব্যস্ততার মধ্যে বিসিবির মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না।
প্রতিষ্ঠানের স্বার্থ ও দায়িত্বশীলতার জায়গা থেকে তিনি পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলেও পদত্যাগপত্রে জানান। একই সঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির কাছে অনুরোধ করেন তিনি।
রোববার অনুষ্ঠিত বিসিবির পরিচালক নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মীর শাকরুল আলম সীমান্ত।