
স্পোর্টস ডেস্ক
বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-১ গোলের জয়ের দিনই চুরির ঘটনা ঘটেছে ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাওয়ের বাড়িতে। শনিবার স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্দো জানিয়েছে, চোরেরা বাড়ি থেকে প্রায় ৩ লাখ ৫০ হাজার ইউরো মূল্যের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি টাকা) অলংকার ও হাতঘড়ি নিয়ে গেছে।
রোববারের এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের হয়ে বদলি খেলোয়াড়দের তালিকায় ছিলেন মিলিতাও। সেই সময়ই তার বাড়িতে ঢোকে চোরেরা। বাড়ির তৃতীয় তলার শৌচাগারের জানালা দিয়ে প্রবেশ করে তারা। এরপর মিলিতাওয়ের শোবার ঘরে তছনছ চালিয়ে ব্যাগ, হাতঘড়ি ও অলংকার চুরি করে নিয়ে যায়।
ঘটনার সময় বাড়ির নিচতলায় পরিবারের সদস্যরা টেলিভিশনে এল ক্লাসিকো ম্যাচ দেখছিলেন। তবে তারা কোনো সন্দেহজনক কিছু টের পাননি।
স্পেনে সাম্প্রতিক বছরগুলোতে পরিচিত ফুটবলারদের বাড়িতে চুরির ঘটনা ধারাবাহিকভাবে ঘটছে। সর্বশেষ এই তালিকায় যুক্ত হলেন মিলিতাও।
২০২২ সালে সশস্ত্র ডাকাতির শিকার হয়েছিলেন বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াং। ওই ঘটনায় তার চোয়াল ভেঙে গিয়েছিল।
এ মাসেই চুরির শিকার হয়েছেন রিয়াল বেতিসের স্ট্রাইকার ট্রয় প্যারট এবং পিএসজির সাবেক গোলরক্ষক সের্হিও রিকো। ফলে স্পেনে ফুটবলারদের বাড়িতে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।