1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

নাম প্রকাশ করে দেব কিশোর গ্যাংয়ের অভিযানে তদবির করলে: পুলিশ সুপার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

কুমিল্লায় কিশোর গ্যাং নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান ।

তিনি বলেছেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চলমান অভিযানে কোনো ধরনের বিরতি দেওয়া হবে না। অভিযানে কোনো ব্যক্তি বা মহল চাপ দেওয়ার চেষ্টা বা তদবির করলে তাদের নাম প্রকাশ করা হবে।

সোমবার সকালে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে নাগরিক সেবামূলক সফটওয়্যার ‘আমার কুমিল্লা’ উদ্বোধনের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন পুলিশ সুপার।

তিনি বলেন, ‘কিশোর গ্যাং বর্তমানে সমাজের একটি নতুন ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। কুমিল্লায় কতগুলো কিশোর গ্যাং সক্রিয়, তারা কোথায় অবস্থান করে এবং বিভিন্ন সময় কোথায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়, সে বিষয়ে পুলিশ গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে।

এসব তথ্যের ভিত্তিতে জেলার বিভিন্ন হটস্পটে অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনা হচ্ছে।’

পুলিশ সুপার জানান, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আগে অভিযান চালানো হলেও কাঙ্ক্ষিত সফলতা পাওয়া যায়নি। তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সন্তান অপ্রতিম হত্যার ঘটনার পর কিশোর গ্যাংয়ের বিষয়ে নতুন করে ব্যাপকভাবে কাজ শুরু করে পুলিশ।

তিনি বলেন, কিশোর গ্যাংয়ের একটি তালিকা তৈরির পর গত ২৩ সেপ্টেম্বর কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালানো হয়। ওই অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়।

এর ধারাবাহিকতায় ২৬ সেপ্টেম্বর আরও ২৫৫ জনকে আটক করা হয়। পরদিনও অভিযান চালিয়ে রাত শেষ হওয়া পর্যন্ত ৪৮৭ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে যারা অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে, তাদের গ্রেপ্তার করে মামলা দিয়ে আদালতে পাঠানো হচ্ছে।

পুলিশ সুপার বলেন, কুমিল্লা নগরসহ জেলার সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও পথচারীরা বিভিন্ন সময় কিশোর গ্যাংয়ের কারণে ছিনতাই, দস্যুতা, ধর্ষণ ও ডাকাতির মতো অপরাধের শিকার হয়েছেন। কিশোর গ্যাংয়ের তৎপরতা নির্মূল করা সম্ভব হলে কুমিল্লা শহরসহ পুরো জেলা মানুষের বসবাসের জন্য আরও নিরাপদ হবে।

অভিভাবকদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, ‘সন্তানদের সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে আড্ডা দিতে দেওয়া যাবে না।

কিশোর গ্যাংয়ের পেছনে কোনো বড় ভাই বা প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com