1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

মাদারীপুরে শিশুকে ‘বাঁচাতে গিয়ে’ উল্টে গেল পুলিশের গাড়ি, কনস্টেবল নিহত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকায় পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ মোট ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন পথচারী রয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আড়িয়াল খাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে মঠেরবাজার এলাকায় পুলিশের একটি গাড়ি যাচ্ছিল। এ সময় সড়কে একটি শিশুকে বাঁচাতে গিয়ে গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারান বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পরে গাড়িটি সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনায় পুলিশের এক কনস্টেবল নিহত হন। এ ছাড়া চার পুলিশ সদস্যসহ আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, ‘দুপুর আড়াইটার দিকে আড়িয়াল খাল সংলগ্ন এলাকায় পুলিশের একটি গাড়ি সড়ক দুর্ঘটনায় পড়ে।

প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, একটি পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে আমাদের একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। পুলিশের চারজন সদস্যসহ মোট ৭ জন আহত হয়েছেন। আহতরা গুরুতর অবস্থায় থাকায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অন্য কোনো গাড়ির সঙ্গে পুলিশের গাড়িটির সংঘর্ষ হয়েছিল কি না, কিংবা দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ ছিল কি না—সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।’

দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় লোকজন ও পুলিশের সদস্যরা ছুটে আসেন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com