1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

তেলের দাম বৃদ্ধি: বাড়ল লঞ্চের ভাড়া

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এবার লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। প্রথম ১০০ কিলোমিটারের প্রতি কিলোমিটারে ২৩ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। এ ছাড়া ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ভাড়া বাড়ানো হয়েছে ২০ পয়সা।

তবে লঞ্চের ভাড়া আনুষ্ঠানিকভাবে বৃদ্ধি করেনি সরকার। ঢাকা-বরিশাল নৌপথে সরাসরি চলাচলকারী যাত্রীবাহী লঞ্চে ডেকের ভাড়া প্রায় ১৭ শতাংশ ও কেবিনের ভাড়া ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে। লঞ্চ মালিক সমিতির নির্ধারিত নতুন ভাড়া গতকাল মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।

লঞ্চ মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা-বরিশাল রুটে ডেকের ভাড়া ৩০০ থেকে বাড়িয়ে ৩৫০ টাকা করা হয়েছে। সিঙ্গেল কেবিনের ভাড়া ১ হাজার থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা এবং ডাবল কেবিনের ভাড়া ২ হাজার থেকে বাড়িয়ে ২ হাজার ৪০০ টাকা করা হয়েছে।

এর আগে যাত্রীপ্রতি কিলোমিটারে ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর জন্য নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের কাছে চিঠি দিয়েছেন লঞ্চ মালিকরা।

ওই চিঠিতে তারা প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য বিদ্যমান দুই টাকা ৯৫ পয়সার স্থলে চার টাকা ৪৫ পয়সা এবং পরবর্তী প্রতি কিলোমিটার দুই টাকা ৫২ পয়সার স্থলে চার টাকা দুই পয়সা করার কথা বলেছেন।

এদিকে বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে আজ বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সহকারী সচিব জসিম উদ্দিনের সই করা ওই প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সার স্থলে ২ টাকা ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সার স্থলে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন জেলার (নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাসের উভয় ক্ষেত্রে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৪৩ পয়সার স্থলে ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ টাকা এবং ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএ কর্তৃক অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে বাস বা মিনিবাসের আসন সংখ্যা পুনর্বিন্যাস করা হলে নির্ধারিত ভাড়া আনুপাতিকভাবে পুনঃনির্ধারিত করতে হবে।

সে ক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ (বিআরটিএ) অথবা যাত্রী ও পণ্য পরিবহন কমিটি থেকে আনুপাতিকভাবে ভাড়ার হার অনুমোদন করিয়ে নিতে হবে। তবে নতুন নির্ধারিত এই ভাড়ার হার গ্যাসচালিত বাস বা মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

এতে আরও বলা হয়েছে, নতুন ভাড়ার হার প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে আবশ্যিকভাবে প্রদর্শন করতে হবে। জনস্বার্থে জারিকৃত এই ভাড়ার হার মঙ্গলবার থেকেই কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, সরকার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। নতুন দামে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের দাম লিটারে ২০ টাকা করে বেড়েছে।

মূল্যবৃদ্ধির ফলে ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৬০ টাকা এবং পেট্রোলের দাম ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।

পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকের পর গতকাল মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ানোর ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com