
নিজস্ব প্রতিবেদক//
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জুলাইয়ের গণহত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব চত্বর থেকে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিলটি বের করা হয়। মিছিলে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের মূল চেতনা ও লক্ষ্য বাস্তবায়নের জন্য দ্রুত জুলাই জাতীয় সনদ কার্যকর করা, দেশে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা জরুরি।
বক্তারা আরও বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দেশের সামগ্রিক পরিস্থিতির উন্নয়নে জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, নায়েবে আমির অ্যাডভোকেট আমিনুল ইসলাম, জেলা সেক্রেটারি ফরিদুল হকসহ সংগঠনের অন্যান্য নেতারা।
তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও জনসম্পৃক্ত কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে। সমাবেশে জেলা, উপজেলা এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।