
নিজস্ব প্রতিবেদক//
বরিশালের মুলাদীতে বিশেষ অভিযান চালিয়ে ২৮০ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৩৪) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাতিরহাট সংলগ্ন জয়ন্তী নদী এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন সফিপুর ইউনিয়নের সফিপুর গ্রামের হাবিব হাওলাদারের ছেলে। তিনি পেশায় ট্রলারচালক।
নৌ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন খান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানার নেতৃত্বে জয়ন্তী নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় একটি স্টিল বডির ট্রলারে তল্লাশি চালিয়ে দেলোয়ার হোসেনের লুঙ্গির কোঁচে লুকিয়ে রাখা ২৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মাদক নির্মূলে নৌ পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।