
মিঠু আহমেদ, বরিশাল//
সদ্য নিয়োগ পাওয়া বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনিরুজ্জামানকে বদলি করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত ৩০ জুলাইয়ের প্রজ্ঞাপনটি রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ও বরিশালের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) ডা. মো. মনিরুজ্জামানকে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এতে আরও বলা হয়, আগামী ৩ আগস্টের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওই দিন থেকেই তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হবে।
এর আগে গত ২৪ জুলাই ডা. মনিরুজ্জামান বরিশালের সিভিল সার্জন হিসেবে যোগ দেন। যোগদানের পরপরই তাকে ‘দুর্নীতিবাজ’ ও ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে আন্দোলন শুরু করেন একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী। এ সময় তারা সিভিল সার্জনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
আন্দোলনকারীরা তাদের ঘোষণানুযায়ী রবিবার সিভিল সার্জনের কার্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন। এর মধ্যেই তাকে বদলির সিদ্ধান্ত আসায় আন্দোলনকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।