1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

ঝালকাঠিতে ৫৫ হাজার টাকা ছিনিয়ে নিল প্রতিপক্ষ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

ঝালকাঠি সদর উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়নে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে মারধর করে আহত, তাঁর পকেট থেকে ৫৫ হাজার টাকা নিয়ে যাওয়া এবং জমিতে থাকা একটি নারিকেল গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. সিদ্দিকুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের কাচাবালিয়া এলাকায় নিজের বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কাচাবালিয়া এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমানের সঙ্গে একই এলাকার মো. শাহজাহান হাওলাদার (৫৬) ও তাঁর দুই ছেলে মো. জুয়েল হাওলাদার ও রাজিব হাওলাদারের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে তাঁকে ক্ষতির হুমকি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করেন সিদ্দিকুর।

লিখিত অভিযোগে সিদ্দিকুর রহমান বলেন, ঘটনার দিন সকালে তিনি বাড়িতে গেলে বিবাদীরা তাঁর সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। তাঁর একটি নারিকেল গাছের ছায়া বিবাদীদের জমিতে পড়ছে—এমন দাবি করে গাছটি কেটে ফেলতে বলা হয়।

তিনি সময়-সুযোগ করে বিষয়টি দেখবেন বলে জানালে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাঁকে কিল-ঘুষি মারেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, মারধরের একপর্যায়ে ১ নম্বর বিবাদী তাঁর প্যান্টের পকেটে থাকা ৫৫ হাজার টাকা নিয়ে যান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা তাঁকে হত্যাসহ গুরুতর জখমের হুমকি দেন বলেও অভিযোগ করেন সিদ্দিকুর। একই সঙ্গে বাড়িতে থাকা তাঁর বৃদ্ধ মা ও মৃত ভাইয়ের স্ত্রীকেও ক্ষতির হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সিদ্দিকুর রহমানের দাবি, তিনি চিকিৎসার জন্য রওনা হওয়ার পর জানতে পারেন, তাঁর জমিতে থাকা একটি নারিকেল গাছও কেটে ফেলা হয়েছে। গাছটির আনুমানিক মূল্য পাঁচ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার পুলিশ জানায়, সিদ্দিকুর রহমানের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে যাচাই-বাছাই করা হবে। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. শাহজাহান হাওলাদার ও তাঁর দুই ছেলে মো. জুয়েল হাওলাদার ও রাজিব হাওলাদারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com