
সংবাদ ডেস্ক//
২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছে ৭০ শতাংশ ভোটার। অন্যদিকে ১৯ শতাংশ ভোটার জামায়াতে ইসলামীকে সমর্থন করার মনোভাব পোষণ করছেন ইএএসডির জরিপ।
নতুন রাজনৈতিক দল এনসিপি পেয়েছে মাত্র ২.৬ শতাংশ সমর্থন। জাতীয় পার্টি পেয়েছে ১.৪ শতাংশ ভোটার সমর্থন, আর স্বতন্ত্র প্রার্থীদের জন্য এই হার মাত্র ০.১ শতাংশ।
এসব তথ্য উঠে এসেছে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) কর্তৃক পরিচালিত জনমত জরিপে। সোমবার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশনের সেমিনার হলে এ জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। সারাদেশের ৩০০টি সংসদীয় আসন থেকে ২০,৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয়।
জরিপের লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা তুলনামূলকভাবে বেশি। জরিপে অংশ নেওয়া নারী ভোটারদের ৭১ শতাংশ বিএনপিকে সমর্থন করেছেন, যা দলের প্রতি নারীদের আস্থার গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে।
আঞ্চলিকভাবে বিএনপির অবস্থান শক্তিশালী। চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে সর্বোচ্চ ৭৪ শতাংশ ভোটার বিএনপিকে সমর্থন করেছেন। তবে বরিশাল ও খুলনা বিভাগে জামায়াতে ইসলামী শক্তিশালী অবস্থানে রয়েছে।
বরিশালে দলটির সমর্থন ২৯ শতাংশ, খুলনায় ২৫ শতাংশ। রংপুর অঞ্চলে জাতীয় পার্টি তুলনামূলকভাবে বেশি সমর্থন পেয়েছে; সেখানে ৫.২ শতাংশ ভোটার তাদের পক্ষে মত দিয়েছেন।বরিশাল ভ্রমণ গাইড
জরিপে উঠে এসেছে, ৭৭ শতাংশ ভোটার বিশ্বাস করেন আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হবে। এছাড়া ৭৪ শতাংশ ভোটার মনে করেন, তাদের নিজ নিজ এলাকায় বিএনপি প্রার্থী জয়লাভ করবেন।
জরিপের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আওয়ামী লীগের সাবেক ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য অংশ এখন পরিবর্তনের পক্ষে। তাদের মধ্যে ৬০ শতাংশ আসন্ন নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
২৫ শতাংশ জামায়াতে ইসলামীকে ভোট দেবেন বলে জানিয়েছেন এবং বাকি ১৫ শতাংশ অন্যান্য দলের প্রতি সমর্থন প্রকাশ করেছেন।