1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| দুপুর ২:৪৮|

নায়িকা বুবলী এবার গায়িকা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

শারমিন জাহান//

বিটিভি’র ‌ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নিয়ে নতুন করে বলার নেই! সময়ের সঙ্গে আপন দ্যুতিতে এগিয়ে চলছে জনপ্রিয় এই অনুষ্ঠান। পরিণত হয়েছে ঈদ ঐতিহ্যে।

প্রতিটি আয়োজনেই থাকে ব্যতিক্রমী সব ভাবনা-পরিকল্পনা। আর সেসবের বাস্তবায়নে থাকে নান্দনিক মুন্সিয়ানা। কারণ একটাই- হানিফ সংকেত, যার সৃজনশীল গ্রন্থনা, সুনিপুণ পরিকল্পনা ও ছন্দময় উপস্থাপনায় ইত্যাদি হয়ে উঠেছে মোহনীয়।

এবারের ঈদের বিশেষ ইত্যাদির দুর্দান্ত সব আয়োজনের একটি হচ্ছে দুই ভুবনের দুই জনপ্রিয় তারকার একসঙ্গে গান। এবার সেই জুটি হলেন অভিনেত্রী শবনম বুবলী ও গায়ক ইমরান মাহমুদুল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইত্যাদি জানিয়েছে, পেশাদার সংগীতশিল্পী না হয়েও ইমরানের সঙ্গে চমৎকারভাবে গানটি গেয়েছেন বুবলী। অভিনয়ে জনপ্রিয় বুবলীর টিভিতে গাওয়া এটিই প্রথম গান।

বলা যায়, এই গানের মাধ্যমেই বুবলীর গায়িকা হিসেবে আত্মপ্রকাশ। অর্থাৎ ইত্যাদির মাধ্যমে নায়িকা বুবলী গায়িকা হলেন। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

সাম্প্রতিক সময়ে সংগীতশিল্পী নন- এমন তারকারা ইত্যাদিতে গান গেয়ে কণ্ঠশিল্পী হিসেবে দর্শক-শ্রোতাদের কাছে পরিচিত হয়েছেন, হয়েছেন আদৃত। জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ গেয়েছিলেন শিল্পী তাহসানের সঙ্গে।

হয়েছেন আলোচিত, প্রশংসিত। আবার চিত্রনায়ক সিয়াম আহমেদ ও জনপ্রিয় টিভি অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি প্রথমবারের মতো ইত্যাদিতে গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন। সংগীতশিল্পী না হয়েও তারা গেয়েছেন পেশাদার শিল্পীর মতোই।

অবশ্য অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে গান গাওয়ানোটা ইত্যাদির বেশ পুরনো ধারা। যে ধারায় ইতিপূর্বে শামিল হয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি, মৌসুমী, এস আই টুটুলের সঙ্গে অভিনেত্রী তানিয়া আহমেদ, মডেল ও অভিনেতা নোবেল, অভিনেত্রী ঈশিতা, তারিন, অপি করিমসহ আরও অনেকেই। তারই ধারাবাহিকতায় এবার গেয়েছেন বুবলী ও ইমরান।

গত ২৪ জানুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরঙ্গনে নির্মিত ইত্যাদির বিশাল সেটে গানটির দৃশ্যধারণ করা হয়। গানের নির্মাণশৈলী, লোকেশন, ইমরান ও বুবলীর শ্রুতিমধুর গায়কী এবং উপস্থিত দর্শকদের প্রতিক্রিয়া- সব মিলিয়ে এই নতুন গানটিও আরও একটি দর্শকপ্রিয় গান হবে বলে আশা প্রকাশ করেছে ফাগুন অডিও ভিশন।

উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর হিসেবে রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com