
কলাপাড়া প্রতিনিধি//
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের এম,ইউ মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল চলাকালীন সময়ে অন্তত ৫০ জন শিক্ষার্থী শ্বাসকষ্ট জনিত কারনে অসুস্থ হয়ে পড়েছে।
এদেরকে পর্যায়ক্রমে দুপুর ২ টা থেকে ৪ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা অষ্টম থেকে দশম শ্রেনীর শিক্ষার্থী বলে জানা গেছে।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শতশত অভিভাবক স্কুল ক্যাম্পাসে ভীড় করে। এসময় স্কুলের শিক্ষক কর্মচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। অসুস্থদের সকলে ছাত্রী বলে শিক্ষকদের সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে এম,ইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো.নেছারউদ্দিন জানান’ কেউ কিছু বুঝে ওঠার আগেই একের পর একজন করে অসুস্থ হয়ে পড়ছিল।
কারো কারো অভিভাবক ঘটনাস্থলে ছুটে আসলেও শিক্ষকরা নিজ দায়িত্বে হাসপাতালে নিয়ে আসেন। কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডা.মালেক মিয়া জানান, হিষ্টিরিয়া রোগে আক্রান্ত হয়ে সকলে অসুস্থ হয়ে পড়ছে। চিকিৎসা চলছে সকলে সুস্থ হয়ে উঠবে বলে তিনি উল্লেখ করেন।