1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

বরিশালের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

পটুয়াখালীর গলাচিপার বিপিসি স্কুল অ্যান্ড কলেজসহ বরিশাল বিভাগের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় এসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ব্যক্তিদের মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়।

এর আগে সোমবার (২ নভেম্বর) রাতে বরিশাল শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে শোকজ নোটিশ পাঠান।

নোটিশ পাওয়া ১১ প্রতিষ্ঠানের মধ্যে পটুয়াখালীর তিনটি, ভোলার তিনটি, বরগুনার দুটি, পিরোজপুরের দুটি এবং ঝালকাঠির একটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিপিসি স্কুল অ্যান্ড কলেজ, মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া কলেজ এবং সদর উপজেলার আউলিয়াপুর ছাবিনা আক্তার স্কুল অ্যান্ড কলেজ।

ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা জালাল আহম্মেদ কলেজ, লালমোহন উপজেলার রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ ও সদর উপজেলার মেদুয়া কলেজ।

এ ছাড়া বরগুনার বেতাগী উপজেলার কদভানু মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ এবং পাথরঘাটা উপজেলার হোগলাপাশা কলেজ, পিরোজপুরের কদমতলা জর্জ হাইস্কুল অ্যান্ড কলেজ ও নাজিরপুর উপজেলার দিঘিরজান স্কুল অ্যান্ড কলেজ এবং ঝালকাঠির নলছিটি উপজেলার অ্যাডভোকেট এইচ আর কে ফাউন্ডেশন কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট অ্যান্ড কলেজকে নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে প্রতিষ্ঠানগুলোর প্রথম ও সর্বশেষ স্বীকৃতিপত্র, হালনাগাদ পরিচালনা কমিটির তথ্য এবং গত পাঁচ বছরের ফলাফলের তালিকা চাওয়া হয়েছে।

একই সঙ্গে প্রতিষ্ঠানের সভাপতিকে সঙ্গে নিয়ে প্রধান শিক্ষক বা অধ্যক্ষকে আগামী ১০ নভেম্বর শিক্ষা বোর্ডে সশরীর উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com