
সুনিল সরকার,পটুয়াখালী//
ভ্রাতৃত্ব, ঐক্য ও সম্প্রীতির বার্তা নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনে বাঙ্গালীর ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। বুধবার বেলা এগারোটায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা সার্বজনীন শ্রী শ্রী মতুয়া হরি মন্দিরে এ উৎসব উদযাপিত হয়।
এসময় মন্দির প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পাখিমারা বাজার প্রদক্ষিন করে আবার মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে ঘরে ঘরে নতুন ধান তোলার আনুষ্ঠানিকতার পাশাপাশি মন্দির প্রাঙ্গনে তৈরী করা হয় হরেক রকম পিঠা-পুলি। এসময় সনাতনী নারীদের শঙ্খধ্বনী, উলুধ্বনি এবং ঢাক ঢোলের বাদ্যে উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজন। এ অনুষ্ঠানে নতুন ধানের ঘ্রাণ, ঐতিহ্যবাহী পিঠা-পুলি পরিবেশন আর নাচে গানে ফুটে ওঠে গ্রামবাংলার চিরচেনা আবহ।