1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের তালিকায়, লিওনেল মেসি

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক//

মেজর লিগ সকারে (এমএলএস) সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড বছরে পারিশ্রমিক হিসেবে পান ২ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ডলার।

ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৬৪ কোটি রুপি। গত বছরের তুলনায় তার বার্ষিক পারিশ্রমিক বেড়েছে প্রায় ৮০ লাখ ডলার। গত বৃহস্পতিবার এমএলএসের খেলোয়াড়দের সংগঠন প্রকাশিত তালিকায় এই তথ্য উঠে এসেছে।

তবে এখানে শুধু ক্লাব থেকে ফুটবল খেলার জন্য পাওয়া পারিশ্রমিক হিসাব করা হয়েছে। বিজ্ঞাপন, বাণিজ্যিক চুক্তি কিংবা অন্য কোনো উৎস থেকে মেসির আয় এতে অন্তর্ভুক্ত নয়।

গত বছরই ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন মেসি। নতুন তালিকায় তার পরেই রয়েছেন পোল্যান্ডের তারকা রবার্ট লেভানডফস্কি।

চলতি বছরের শুরুতে শিকাগো ফায়ারে যোগ দেওয়া এই ফুটবলারের বার্ষিক পারিশ্রমিক ১ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৮২ কোটি রুপি।

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অরল্যান্ডো সিটির ফরাসি তারকা আতোয়া গ্রিজমান। তার বার্ষিক পারিশ্রমিক ১ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ডলার। চতুর্থ স্থানে লস অ্যাঞ্জেলেস এফসির দক্ষিণ কোরীয় তারকা সন হিউং-মিন। তিনি বছরে পান ১ কোটি ১১ লাখ ৫২ হাজার ডলার। পঞ্চম স্থানে রয়েছেন আটলান্টা ইউনাইটেডের সুইস ফুটবলার ব্রিল এমবোলো। তার বার্ষিক পারিশ্রমিক ১ কোটি ৮ লাখ ১০ হাজার ডলার।

শুধু ব্যক্তিগত পারিশ্রমিকের তালিকাতেই নয়, খেলোয়াড়দের পেছনে মোট ব্যয়ের হিসাবেও শীর্ষে রয়েছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। দলটির খেলোয়াড়দের বার্ষিক পারিশ্রমিক বাবদ খরচ ৫ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ডলার।

ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৫৫ কোটি রুপি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শিকাগো ফায়ার। তাদের বার্ষিক ব্যয় ৪ কোটি ১২ লাখ ৯০ হাজার ডলার। ৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ডলার খরচ করে তৃতীয় স্থানে আটলান্টা ইউনাইটেড।

চতুর্থ স্থানে থাকা লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির ব্যয় ৩ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার। আর পঞ্চম স্থানে থাকা লস অ্যাঞ্জেলেস এফসির খরচ ৩ কোটি ২৯ লাখ ১০ হাজার ডলার।

অন্যদিকে, খেলোয়াড়দের পেছনে সবচেয়ে কম অর্থ ব্যয় করে ফিলাডেলফিয়া ইউনিয়ন। তাদের বার্ষিক ব্যয় ১ কোটি ২৬ লাখ ৪০ হাজার ডলার। দ্বিতীয় সর্বনিম্ন ১ কোটি ৩৩ লাখ ডলার খরচ স্পোর্টিং কানসাস সিটির।

আর ১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার ব্যয় নিয়ে তৃতীয় সর্বনিম্ন অবস্থানে ডিসি ইউনাইটেড। প্রকাশিত এই হিসাব ৯ অক্টোবর পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি। গ্রীষ্মকালীন দলবদলে নতুন ক্লাবে যোগ দেওয়া খেলোয়াড়দের পারিশ্রমিকও পুরো বছরের হিসাবে বিবেচনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com