1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৩:৪২|

এমবাপ্পের লক্ষ্য বিশ্বকাপ ট্রফি

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

চলতি ফিফা বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় লিওনেল মেসির রেকর্ড ছুঁয়ে ফেলার খুব কাছাকাছি পৌঁছে গেলেও ব্যক্তিগত অর্জনের চেয়ে দলকে শিরোপা জেতানোই তার একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন ফরাসি অধিনায়ক।

মঙ্গলবার শেষ বত্রিশের ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারায় ফ্রান্স। ম্যাচে জোড়া গোল করেন ২৭ বছর বয়সী এমবাপ্পে। এই দুই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮, যা বিশ্বকাপ ইতিহাসে মেসির ১৯ গোলের রেকর্ড থেকে মাত্র একটি কম। এবারের আসরেও ছয় গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন এমবাপ্পে।

ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমবাপ্পে বলেন, তার মূল লক্ষ্য ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছে শিরোপা জেতা।

তিনি বলেন, ‘আমার লক্ষ্য যতদূর সম্ভব এগিয়ে যাওয়া। ১৯ জুলাইয়ের ফাইনালে পৌঁছানো এবং আবার এখানে ফিরে আসা। আমরা ধাপে ধাপে এগোচ্ছি।’ ব্যক্তিগত গোলের রেকর্ড নিয়ে খুব বেশি ভাবছেন না বলেও জানান তিনি।

এমবাপ্পে আরও বলেন, ‘অবশ্যই যত বেশি গোল করবেন, তত ওপরে উঠবেন। কিন্তু আমি নিশ্চিত, লিও (মেসি) আরও গোল করবে। তাই আমি এসব নিয়ে খুব বেশি ভাবি না। আমার মনোযোগ সম্ভাব্য প্রতিপক্ষ এবং আমাদের চূড়ান্ত লক্ষ্য ফাইনালে পৌঁছানো।’

বিশ্বকাপে এখন পর্যন্ত ১৯ গোল করে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। শেষ বত্রিশে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। শুক্রবারের সেই ম্যাচে গোল করলে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করার সুযোগ থাকবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়কের সামনে।

অন্যদিকে, ফ্রান্স কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার ফিলাডেলফিয়ায় মুখোমুখি হবে প্যারাগুয়ের। ওই ম্যাচে জয়ী দল শেষ আটে খেলবে স্বাগতিক কানাডা অথবা মরক্কোর বিপক্ষে।

শেষ বত্রিশে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে বড় চমক দেখিয়েছে প্যারাগুয়ে। রক্ষণাত্মক কৌশলে সফল হওয়া দলটির বিপক্ষে কোনো ধরনের আত্মতুষ্টিতে ভুগতে রাজি নয় ফ্রান্স।

এমবাপ্পে বলেন, ‘প্যারাগুয়ের ম্যাচের আগে আমরা আরও কাজ করব। আমাদের খেলায় এখনও কিছু জায়গায় উন্নতির সুযোগ রয়েছে। কিছু মুহূর্তে আমরা যথেষ্ট পরিষ্কার ছিলাম না।’

তিনি আরও বলেন,‘আমি মনে করি, সামগ্রিকভাবে আমরা ইতিবাচক অবস্থায় আছি। সবচেয়ে বড় বিষয় হলো, আমাদের গোল করার সামর্থ্য আছে। তাই প্রতিটি ম্যাচেই আমরা এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে পারি।’

বিশ্বকাপে ব্যক্তিগত রেকর্ডের লড়াইয়ে মেসির সঙ্গে পাল্লা দিলেও এমবাপ্পের চোখ এখন কেবল একটি লক্ষ্যেই ১৯ জুলাই নিউইয়র্কে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com