
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের উত্তর প্রদেশে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত দরিদ্র পরিবারগুলোকে দীপাবলি ও হোলি উৎসবে বিনামূল্যে একটি করে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই কর্মসূচির আওতায় রাজ্যের ১ কোটি ৮৯ লাখের বেশি পরিবার উপকৃত হবে। এ জন্য এলপিজি সিলিন্ডার রিফিলের ভর্তুকি বাবদ ১ হাজার ৫০০ কোটি রুপি বরাদ্দ রেখেছে রাজ্য সরকার।
গতকাল মঙ্গলবার উজ্জ্বলা যোজনার উপকারভোগীদের মধ্যে সিলিন্ডার রিফিলের ভর্তুকি বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে এ ঘোষণা দেন যোগী আদিত্যনাথ।
তিনি বলেন, রাজ্য সরকার উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা দরিদ্র পরিবারগুলোকে দীপাবলি ও হোলিতে একটি করে সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এতে পরিবারগুলোর জ্বালানি ব্যয় কমবে এবং উৎসবের সময় সাশ্রয় হওয়া অর্থ অন্য কাজে ব্যয় করতে পারবে তারা। অনুষ্ঠানে একটি গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম ও কেন্দ্রীয় সরকারের ভর্তুকির হিসাবও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
তিনি জানান, বর্তমানে একটি গৃহস্থালি গ্যাস সিলিন্ডারের দাম ৯৮৩ দশমিক ৪৫ রুপি। এর মধ্যে কেন্দ্রীয় সরকার ৩৩৫ রুপি ভর্তুকি দেয়। ফলে গ্রাহককে নিজের পকেট থেকে দিতে হয় ৬৪৮ দশমিক ৫৫ রুপি। যোগী বলেন, দীপাবলিতে সিলিন্ডারের জন্য যে অর্থ সাশ্রয় হবে, তা দিয়ে পরিবারগুলো মিষ্টি ও প্রদীপ কিনতে পারবে।
এ সময় কংগ্রেস সরকারের আমলের সঙ্গে বর্তমান সরকারের তুলনা করে যোগী বলেন, আগে একটি গ্যাস সংযোগ পেতেও মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হতো। বর্তমান সরকার দরিদ্র পরিবারগুলোকে বিনামূল্যে গ্যাস সংযোগ দিয়েছে। এটিকে তিনি সুশাসনের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।ন