1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

কয়েক দফা ঘোষণা, তবু চালু হয়নি বরিশালের শিশু হাসপাতাল

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

কয়েক দফায় উদ্বোধনের তারিখ ঘোষণা করা হলেও চালু হয়নি বরিশালের ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল। নির্মাণকাজ শেষ হওয়ার পরও বিদ্যুৎ উপকেন্দ্র, প্রয়োজনীয় জনবল নিয়োগ, চিকিৎসা সরঞ্জাম স্থাপন ও প্রশাসনিক জটিলতায় বছরের পর বছর আটকে ছিল হাসপাতালটির কার্যক্রম।

এবার চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হাসপাতালটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে উপ-পরিচালক নিয়োগসহ প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

বরিশাল নগরীর আমানতগঞ্জে নির্মিত হাসপাতালটি চালু হলে বরিশালসহ দক্ষিণাঞ্চলের শিশুদের উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হবে। বিশেষ করে জটিল রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য ঢাকায় ছুটে যাওয়ার প্রবণতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শুধু বরিশাল নয়, দেশের আরও চারটি স্থানে ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালগুলো রয়েছে খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায়। প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বরিশালের শিশু হাসপাতালটির নির্মাণকাজ শুরু হয় ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি। প্রায় ১৯ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত চারতলা ভবনটির কার্যক্রম ২০১৯ সালে চালুর পরিকল্পনা ছিল।

কিন্তু নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ না হওয়া এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় অবকাঠামো ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় হাসপাতালটি চালু করা সম্ভব হয়নি।

২০২৫ সালের এপ্রিলেও ভবনের কাজ শেষ হওয়ার পর বিদ্যুতের আলাদা সাবস্টেশন নির্মাণ এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়ায় কার্যক্রম শুরু করা যায়নি।

সে সময় হাসপাতাল পরিচালনার জন্য প্রায় ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী প্রয়োজন হলেও কাউকে নিয়োগ দেওয়া হয়নি বলে জানিয়েছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তৎকালীন পরিচালক।

এ ছাড়া হাসপাতালের ভবন বুঝে নেওয়া নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর, সিভিল সার্জন কার্যালয় ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে প্রশাসনিক জটিলতা ছিল।

লিফট, বিদ্যুৎ উপকেন্দ্র ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ প্রয়োজনীয় কিছু অবকাঠামোগত কাজও বিভিন্ন সময়ে অসম্পূর্ণ ছিল। চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্রের অভাবেও কার্যক্রম শুরু করা যায়নি।

২০২৫ সালের এপ্রিলের শেষ দিকে তৎকালীন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ হাসপাতাল পরিদর্শন করে এক সপ্তাহের মধ্যে কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছিলেন।

পরে ২০২৬ সালের ১১ মে বরিশাল সফরে এসে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ১ আগস্টের মধ্যে হাসপাতালটি চালুর ঘোষণা দেন। ২ জুন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারও আগস্টের মধ্যে চালুর সম্ভাবনার কথা জানিয়েছিলেন।

সর্বশেষ গত ১৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালসহ দেশের পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল অক্টোবর মাসে একযোগে উদ্বোধনের সম্ভাবনার কথা জানান। কিন্তু অক্টোবরেও হাসপাতালটি চালু হয়নি।

গত ৯ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার জানিয়েছিলেন, হাসপাতালের আসবাবপত্র এলেও কিছু চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ তখনো আসেনি। চিকিৎসকদের পদ ও বেতন কোড তৈরির কাজ সম্পন্ন হয়েছে। ডিসেম্বরের মধ্যে বহির্বিভাগ চালুর সম্ভাবনার কথাও জানিয়েছিলেন তিনি।

হাসপাতালগুলোর কার্যক্রম শুরুর প্রস্তুতির অংশ হিসেবে পাঁচ প্রতিষ্ঠানে উপপরিচালক নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক হয়েছেন ডা. মো. বেলাল হোসেন, বরিশালে ডা. মো. মজিবর রহমান, রংপুরে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লায় ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনায় ডা. শওকত আলী। তাঁদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

পাঁচটি হাসপাতালের জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ অনুমোদন করা হয়েছে। এর মধ্যে উপপরিচালক পাঁচটি, সহকারী পরিচালক পাঁচটি, সিনিয়র কনসালটেন্ট ১০০টি, জুনিয়র কনসালটেন্ট ২০০টি এবং আবাসিক চিকিৎসকের ১০টি পদ রয়েছে।

এ ছাড়া আবাসিক সার্জন ১৫টি, আবাসিক মেডিকেল অফিসার পাঁচটি, মেডিকেল অফিসার ৩২৫টি, সহকারী ডেন্টাল সার্জন ১০টি, জরুরি বিভাগের চিকিৎসক ২০টি এবং অ্যানেসথেশিয়া বিভাগের জন্য ২০টি পদ রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আধুনিক চিকিৎসা সুবিধা থাকবে। শিশুদের চিকিৎসায় নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টিপ্যারামিটার ও কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিনসহ প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। হাসপাতালগুলোর আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও শেষ হয়েছে।

এর আগে গত ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ছয় বিভাগে অব্যবহৃত অবস্থায় থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালগুলো সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার সাংবাদিকদের জানিয়েছিলেন, বছরের শেষ দিকে পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করা হবে। এ জন্য প্রয়োজনীয় পদ সৃষ্টি এবং চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার কাজ এগিয়ে নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকা হাসপাতালটি এবার সত্যিই চালু হবে কি না, তা নিয়ে দক্ষিণাঞ্চলের মানুষের আগ্রহ রয়েছে। আগের একাধিক ঘোষণার পরও কার্যক্রম শুরু না হওয়ায় এবার শুধু উদ্বোধন নয়, পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর বিষয়টিকেই গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com