1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

গোপালগঞ্জে চালু হচ্ছে না ট্রেন, বন্ধ থাকবে দুই থানা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন চলাচল এবং পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম শিগগির চালু হচ্ছে না। নাশকতার আশঙ্কা ও নিরাপত্তাঝুঁকি বিবেচনায় আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তে রয়েছে সরকার।

অন্যদিকে, থানা দুটি সংস্কারের কাজও এখনো শুরু হয়নি। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য সরকারি বরাদ্দের তৃতীয় কিস্তির অর্থ ছাড় স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সরকারি সূত্র জানিয়েছে, আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক কর্মসূচি ঘিরে নতুন করে সংঘাতের আশঙ্কা রয়েছে। এ কারণে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল ও থানা দুটির কার্যক্রম আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা কম।

গোপালগঞ্জের জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় দেওয়া অর্থসহায়তার তৃতীয় কিস্তি আপাতত ছাড় করা হবে না। সরকারের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

সাধারণত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে চার কিস্তিতে অর্থ বরাদ্দ দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ মেয়াদের তৃতীয় কিস্তির অর্থ ছাড় আপাতত বন্ধ থাকবে। এতে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও স্থানীয় পর্যায়ের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) পুড়িয়ে দেওয়া, পুলিশ বক্সে ভাঙচুর এবং জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটে। পরে বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ এবং দুটি থানায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়।

এসব ঘটনার পর ১৫ নভেম্বর থেকে গোপালগঞ্জের সঙ্গে অন্যান্য জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পরে ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে থানা দুটির স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে।

বর্তমানে থানা দুটির কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালিত হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এর মধ্যে ২৩ নভেম্বর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের পুরোনো লঞ্চঘাট এলাকার গোলচত্বরে সংঘর্ষ হয়। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে প্রতিদিন পাঁচটি ট্রেন চলাচল করত। এর মধ্যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, অভিযাত্রী কমিউটার, রূপসী বাংলা, জাহানাবাদ এক্সপ্রেস ও ভাটিয়াপাড়া এক্সপ্রেস রয়েছে।

টুঙ্গিপাড়া এক্সপ্রেস প্রতিদিন সকাল ৬টায় গোপালগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যেত। অভিযাত্রী কমিউটার ঢাকা থেকে গোপালগঞ্জে চলাচল করত।

রূপসী বাংলা ঢাকা থেকে গোপালগঞ্জের কাশিয়ানী হয়ে যশোরের বেনাপোল এবং জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা থেকে কাশিয়ানী হয়ে খুলনা পর্যন্ত চলাচল করত। অন্যদিকে, ভাটিয়াপাড়া এক্সপ্রেস ফরিদপুরের ভাঙ্গা থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া রেলস্টেশন পর্যন্ত যাতায়াত করত।

ট্রেন চলাচল বন্ধ থাকায় নিয়মিত যাত্রীদের ভোগান্তি বেড়েছে। বাসের তুলনায় কম খরচে ও তুলনামূলক কম সময়ে যাতায়াতের সুযোগ থাকায় বিশেষ করে ঢাকাগামী যাত্রীরা রেলসেবার ওপর নির্ভরশীল ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়ে রেলপথ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে সার্বিক নিরাপত্তাঝুঁকি বিবেচনায় আপাতত ট্রেন চালু না করার পরামর্শ দেওয়া হয়েছে।

পুড়িয়ে দেওয়া থানা দুটি সংস্কারের কাজ এখনো শুরু হয়নি। মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির বলেন, পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ এখনো শুরু হয়নি। এতে কিছুটা সময় লাগবে। ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। এ সেবা চালু হতেও সময় লাগবে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, ট্রেন যোগাযোগ চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয় দেখবে। পুড়ে যাওয়া দুই থানার পুলিশ সদস্যরা গোপালগঞ্জেই কর্মরত রয়েছেন। তবে থানা দুটির কার্যক্রম কবে নাগাদ পুনরায় চালু হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com