1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

করাচির পথে ২৮ বাংলাদেশি

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক//

তেহরান থেকে প্রথম দফায় যে ২৮ জন বাংলাদেশি নাগরিক দেশের উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন তারা রোববার (২৯ জুন) বিকেলে করাচি পৌঁছাবেন। আগামী সোমবার (৩০ জুন) করাচি থেকে বিমানযোগে ঢাকার পথে রওয়ানা দেবেন তারা।

রোববার (২৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, ইরান থেকে যে ২৮ জন বাংলাদেশি নাগরিক দেশে আসছেন তারা রোববার ভোরে পাকিস্তানের কোয়েটা থেকে করাচির উদ্দেশে বাসযোগে রওয়ানা দিয়েছেন। বিকেল বা সন্ধ্যা নাগাদ তারা করাচি পৌঁছাবেন। সেখানে রাতে হোটেলে থাকবেন তারা। আগামী সোমবার বিমানযোগে ঢাকার পথে রওয়ানা দেবেন তারা।

তিনি আরও জানান, যারা আসছেন তাদের মধ্যে বেশ কয়েকজন ডায়ালাইসিসের রোগী রয়েছেন। সে কারণে কোয়েটা থেকে করাচি আসার পথে তাদের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সও রয়েছে। তারা করাচি পৌঁছানোর পর চিকিৎসকরা তাদের শারীরিক অবস্থা চেক করবেন। শারীরিক অবস্থা সাপেক্ষে তাদের ফ্লাইটে উঠানো হবে। করাচি থেকে তৃতীয় কোনো দেশের বিমানবন্দর হয়ে বাংলাদেশিরা দেশে ফিরবেন।

সূত্র জানায়, ইরান-ইসরায়েল সংঘাতের পরিপ্রেক্ষিতে তেহরান থেকে প্রথম দফায় গত ২৫ জুন সড়ক পথে ২৮ জন বাংলাদেশি রওয়ানা দেন। এদের মধ্যে বেশিরভাগই নারী, শিশু ও সেখানে চিকিৎসা নিতে যাওয়া রোগী। তারা তেহরান থেকে সড়ক পথে বেলুচিস্তানের তাফতান সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেন।

ইরান থেকে সংঘাতের শুরুতে অনেক বাংলাদেশি দেশে ফেরার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে এখন সংঘাত থেমে যাওয়ায় অনেকেই ফিরতে আগ্রহী নন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ইরান থেকে দেশে ফেরার জন্য ইতোমধ্যেই ২৫০ জন বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেছেন। এসব বাংলাদেশিকে ধাপে ধাপে বাংলাদেশে ফিরিয়ে আনার পরিকল্পনা ছিল সরকারের। তবে সংঘাত থেমে যাওয়ার পর পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে আসছে। আর ইরানে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্বাভাবিক হলে নিজ উদ্যোগেই বাংলাদেশিরা ফিরতে পারবেন।

ইরানে প্রায় ২ হাজার বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে তেহরানে ৪০০ বাংলাদেশি আছেন। ইরানে তালিকাভুক্ত বাংলাদেশিদের সংখ্যা ৬৭২ জন। এর মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৬৬ জন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com