
ভোলা প্রতিনিধি//
ভোলায় হঠাৎ করে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে সদর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তা-বে গাছ উপড়ে পড়ে অন্তত ১০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বিভিন্ন সড়কে বড় বড় গাছ পড়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার (১১ মে) বিকেলে হঠাৎ শুরু হওয়া ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের শান্তিরহাট বাজার সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা জানান, প্রবল বাতাসে বড় বড় গাছ উপড়ে ঘরের ওপর পড়ে টিনের চালা ও দেয়াল ভেঙে যায়। এতে অন্তত ১০টি পরিবারের বসতঘর আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শান্তিরহাট বাজারের অটোচালক মাসুদ বলেন, বিকেলে কালবৈশাখী ঝড়ে আমার ঘরের পাশের একটি রেইনট্রি গাছ উপড়ে পড়ে। এতে আমাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্পের জন্য পরিবারের সদস্যরা রক্ষা পেয়েছেন। এছাড়া আমার সিএনজিটিও অল্পের জন্য বেঁচে গেছে। পাশের আরও কয়েকটি ঘর গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে ভেদুরিয়া সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে রাস্তার ওপর পড়ে যায়। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা গাছ সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়।
তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।সংবাদ সাবস্ক্রিপশন
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, হঠাৎ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদের পাশে দাঁড়াতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে, যাতে তারা দ্রুত ঘুরে দাঁড়াতে পারেন।