
মিজানুর রহমান//
প্রকাশ্যে মাদক বিক্রির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লামিয়া আক্তার (১৯) নামের এক নারী মাদক কারবারীকে গাঁজাসহ হাতেনাতে আটকের পর পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বরিশালের গৌরনদী পৌরসভার টরকী বাসষ্ট্যান্ড সংলগ্ন চাতাল থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারী লামিয়া উপজেলার সালতা গ্রামের সামছুল হক বেপারীর মেয়ে।
উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা ও পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে টরকী বাসষ্ট্যান্ডে অবস্থান করছিলাম।
এরইমধ্যে জানতে পারি বাসষ্ট্যান্ড সংলগ্ন চাতালের মধ্যে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। পরবর্তীতে থানা পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে মাদকের আস্তানায় হানা দেয়া হয়।
এসময় ছাত্রদলের নেতাকর্মীদের দেখামাত্র মাদক ক্রেতারা খালে লাফিয়ে পড়ে পালিয়ে রক্ষা পেলেও এক নারী মাদক কারবারিকে ২১ পুড়িয়া গাঁজাসহ আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
ছাত্রদল নেতারা আরও জানান, ওই মাদক স্পটে হানা দেওয়ার পরপরই স্থানীয় একটি শক্তিশালি মাদক চক্র এসে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর চড়াও হয়। পরবর্তীতে ছাত্রদলের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়লে মাদক চক্রটি সেখান থেকে পালিয়ে রক্ষা পায়।
তবে আটককৃত লামিয়া আক্তার জানিয়েছে, মাদক ব্যবসার সঙ্গে সে জড়িত নয়। চাতালের পাশেই তার আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিলেন।
গৌরনদী মডেল থানা পুলিশের এসআই সৌমেন জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পৌঁছে আটক লামিয়ার কাছ থেকে ছোট ছোট ২১ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে থানায় রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হবে।’