
নিজস্ব প্রতিবেদক//
মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কার্যক্রম বিষয়ে অবহিতকরণ জেলা কর্মশালা ঝালকাঠিতে শুরু হয়েছে। সঠিকভাবে ভূমির ব্যবহার নিশ্চিত করা, পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভূমি জোনিং কার্যক্রমকে আরও আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম। কর্মশালায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক মিজ জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন আল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুর রহমান পারভেজসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,উপজেলা পর্যায়ের সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় মৌজা ও প্লটভিত্তিক ভূমির তথ্য-উপাত্তের যথাযথ ব্যবহার, ভূমির শ্রেণিবিন্যাস, পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা এবং ডিজিটাল প্রযুক্তিনির্ভর ভূমি জোনিং কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, দেশের ভূমি ব্যবস্থাপনাকে আরও সুসংগঠিত ও টেকসই করার পাশাপাশি কৃষি, আবাসন, শিল্প, যোগাযোগসহ বিভিন্ন খাতে ভূমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে ডিজিটাল ভূমি জোনিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মৌজা ও প্লটভিত্তিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যতে পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম আরও সহজ হবে।