
ঝালকাঠি প্রতিনিধি//
ঝালকাঠি সদর উপজেলার ৫ নং কীর্ত্তিপাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে করে আতঙ্কে কীর্ত্তিপাশাবাসী। মঙ্গলবার রাত ২টার দিকে আলমগীর হাওলাদারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল ডাকাত বাড়ির সিঁধ কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে তারা পরিবারের সদস্যদের হাত ও মুখ টেপ দিয়ে বেঁধে জিম্মি করে ফেলে। এ সময় ডাকাত দলের প্রায় ছয়জন সদস্য ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, ডাকাতদের হাতে দেশীয় অস্ত্র, রামদা, হাতুড়ি ও স্টিলের পাইপ ছিল। লুটপাটের সময় তারা ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শন করে এবং ঘটনার বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ না করার জন্য হুমকি দেয়।
ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে এলাকায় রাতের টহল জোরদারসহ নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়- ঘটনার পর পরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সঠিক তদন্ত করে আইননক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
বিকেলে সাড়ে ৫ টা পর্যন্ত এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন কামনা করেছেন।