1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

ঐশ্বরিয়া ফিরছেন প্যারিসের মঞ্চে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

আবারও প্যারিসের মঞ্চে ফিরছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। আগামী ২৮ সেপ্টেম্বর ফ্রান্সের রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া ল’রিয়াল প্যারিসের নবম ‘লে দেফিলে ল’রিয়াল প্যারিস’ ফ্যাশন শোতে অংশ নেবেন তিনি।

আইফেল টাওয়ারকে পেছনে রেখে প্লাস জফ্রে-তে বসবে এবারের আয়োজন। এ বছরের শোর প্রতিপাদ্য ‘এক্সপ্রেস ইয়োর ওয়ার্থ’ নিজের মূল্য ও আত্মবিশ্বাস প্রকাশ করা।

ল’রিয়াল প্যারিসের এই আয়োজনে ঐশ্বরিয়ার উপস্থিতি নতুন নয়। তবে প্রতিবারই তার পোশাক ও উপস্থিতি আলাদা করে নজর কাড়ে। ফলে এবার তিনি কী পরবেন, তা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

২০২৪ সালের আয়োজনে নজর কেড়েছিলেন ঐশ্বরিয়া। সেবার তাকে দেখা গিয়েছিল লাল রঙের জমকালো গাউনে। পোশাকটির নিচের অংশ ছিল বড় ও বেলুনের মতো আকৃতির।

সঙ্গে ছিল ঘন ভলিউমের চুলের সাজ এবং গাঢ় লাল লিপস্টিক। রানওয়েতে হাঁটার পর ঐশ্বরিয়ার ‘নমস্তে’ ভঙ্গিও দর্শকদের নজর কাড়ে। প্যারিসের ফ্যাশন মঞ্চে সেই ভারতীয় আবহ বিশেষভাবে আলোচিত হয়েছিল।

২০২৫ সালে অবশ্য ভিন্ন সাজে হাজির হন তিনি। গাউনের বদলে পরেছিলেন মনীশ মালহোত্রার নকশা করা গাঢ় নীল মখমলের শেরওয়ানি। এতে ছিল অলংকারখচিত কাফ, হীরার ব্রোচ এবং পেছনে স্ক্যালপড হীরার নকশা। তাই এবার ঐশ্বরিয়ার পোশাক কেমন হবে, সেটিই এখন ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু।

এবারের ল’রিয়াল প্যারিসের রানওয়েতে ঐশ্বরিয়ার সঙ্গে থাকবেন হলিউড অভিনেত্রী ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, সিমোন অ্যাশলি, কারা ডেলেভিন, ইভা লঙ্গোরিয়া, অ্যান্ডি ম্যাকডাওয়েল ও আজা নাওমি কিং। এছাড়া থাকছেন বেবে ভিও গ্রান্ডিস, মডেল লুমা গ্রোথে এবং প্যারালিম্পিক চ্যাম্পিয়ন ম্যারি বোশে।

অভিনেতা, মডেল ও ক্রীড়াবিদদের সমন্বয়ে এবারের আয়োজন সাজানো হয়েছে সৌন্দর্য, আত্মবিশ্বাস ও নিজেকে প্রকাশের ভাবনাকে কেন্দ্র করে।

ল’রিয়াল প্যারিসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে ঐশ্বরিয়ার। কান চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে প্যারিসের বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন আয়োজনে তার উপস্থিতি আন্তর্জাতিক মঞ্চে ভারতকে অন্যতম পরিচিত মুখে পরিণত করেছে।

এবারও ২৮ সেপ্টেম্বর আইফেল টাওয়ারের পটভূমিতে রানওয়েতে হাঁটবেন ঐশ্বরিয়া। আগের দুই বছরের ভিন্নধর্মী সাজের পর এবার তার নতুন লুক কী হয়, সেদিকেই তাকিয়ে ভক্তরা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com