1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ২:৫১|

নারী এশিয়া কাপে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

থাইল্যান্ডে চলমান নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ ‘এ’ নারী দল। মালয়েশিয়াকে ৯০ রানে বিধ্বস্ত করে টানা তিন জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ফাহিমা খাতুনের দল।

এর আগে ১৪ ফেব্রুয়ারি শ্রীলংকা ‘এ’ দলকে ৪ রানে হারায় বাংলাদেশ। একদিন বিরতির পর স্বাগতিক থাইল্যান্ড জাতীয় দলকেও ১ বল হাতে রেখে ৩ উইকেটে হারায় তারা। সেমিফাইনাল আগেই নিশ্চিত হলেও আজকের জয়ে গ্রুপ শীর্ষে থেকেই শেষ চার নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা।

ব্যাংককে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫১ রান তোলে বাংলাদেশ ‘এ’ দল। জবাবে পুরো ২০ ওভার খেলেও ৯ উইকেটে মাত্র ৬১ রান করতে পারে মালয়েশিয়া। ফলে ৯০ রানের বড় জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে পাঁচ নম্বরে নেমে ৪৪ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন লতা মণ্ডল। শারমীন সুলতানা করেন ৩০ রান, আর অধিনায়ক ফাহিমা খাতুনের ব্যাট থেকে আসে ২৯ রান।

লতা ও ফাহিমা মিলে পঞ্চম উইকেটে গড়েন গুরুত্বপূর্ণ ৫৫ রানের জুটি। শেষ পাঁচ ওভারে ৫৪ রান তুলে বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে মালয়েশিয়া। ১২.১ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৩০। একজন ছাড়া আর কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। আট নম্বরে নেমে নুর আরিয়ানা নাতসিয়া ২৪ বলে ২২ রান করে অপরাজিত থাকেন।

বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন বাঁহাতি স্পিনার ফাতেমা জাহান। অভিষেক ম্যাচেই ১০ রানে ৩ উইকেট নেন তিনি। অফ স্পিনার শরীফা খাতুন নেন ১৩ রানে ২ উইকেট। আর ২ ওভারে ২ রান দিয়ে ১ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৪৮ রান করায় ম্যাচসেরা নির্বাচিত হন লতা মণ্ডল।

চার দলের গ্রুপে তিন ম্যাচেই জয় তুলে নিয়ে ৬ পয়েন্টে শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী শুক্রবার ব্যাংককে সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে তারা। একই দিনে অন্য সেমিফাইনালে ভারত ‘এ’ দলের প্রতিপক্ষ নির্ধারিত হবে শ্রীলংকা ‘এ’ ও থাইল্যান্ডের ম্যাচের ফলাফলের ভিত্তিতে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com