
পটুয়াখালী প্রতিনিধি//
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পটুয়াখালীতে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান জগদ্ধাত্রী পূজা। বুধবার সকাল থেকে দেবীর মহা সপ্তমী, মহা অষ্টমী, সন্ধি পুজা ও মহা নবমী বিহীত পুজা অনুষ্ঠিত হয়।
এসময় ঢাকের বাদ্য, কাসর ঘন্টা, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। দেবী স্নান, চক্ষুদান, আরতি, চণ্ডীপাঠ, ধুপ, দ্বীপ, নৈবেদ্য, ফুল, বেলপাতা নিবেদন যজ্ঞানুষ্ঠান সহ ষোড়শপচারে দেবীর আরাধনা করা হয়।
পূজা শেষে পুস্পাঞ্জলি প্রদান, বিশ্ব শান্তি দেশ ও মানব কল্যাণ, রোগ মুক্তি এবং পরিবারের সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয়। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির উদয়ের প্রত্যাশায় জগদ্ধাত্রী পূজার আয়োজন করা হয়।
মঙ্গলবার রাতে অধিবাসের মাধ্যমে জগদ্ধাত্রী পূজার শুরু হয়। বৃহস্পতিবার মহা দশমী বিহিত পূজা শেষে দর্পণ বিসর্জনের মাধ্যমে এর মূল অনুষ্ঠানিকতা শেষ হবে সন্ধ্যায় দেবীবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে হবে দেবীর বিসর্জন।