
নিজস্ব প্রতিবেদক//
খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে বরিশালগামী বাস চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে পদ্মা সেতু হয়ে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন রুটেও বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি।
এতে এসব গন্তব্যে যাতায়াত করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই খুলনার বাস টার্মিনাল ও বিভিন্ন কাউন্টারে গিয়ে বাস না পেয়ে বিপাকে পড়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে বাস চলাচলে বাধা সৃষ্টি, কয়েকটি বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের অবরোধের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাস মালিক সমিতি।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বাংলা ট্রিবিউনকে বলেন, আজ দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ পরিস্থিতিতে পরিবহনমালিকেরা বেলা দেড়টার পর বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, গোপালগঞ্জের ওপর দিয়ে পদ্মা বহুমুখী সেতু হয়ে চলাচলকারী খুলনা-ঢাকা রুটের দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত বন্ধ রয়েছে।
খুলনা ও যশোর থেকে নড়াইল হয়ে কাশিয়ানি দিয়ে পদ্মা সেতু হয়ে চলাচলকারী বাসও বন্ধ রাখা হয়েছে। তবে আরিচা হয়ে আগের রুটে বাস চলাচল করছে। নিরাপত্তার অভাবে এ সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান তিনি।