
ছগির হোসেন, কলাপাড়া//
কলাপাড়ায় বড় ভাইয়ের সঙ্গে পূর্ব বিরোধের জেরে ছোট ভাইয়ের বসত ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সলেমান তালুকদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
এতে ফিরোজ আলমের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের পর বেতমোর গ্রামের জহিরুল ইসলামের ঘেরের মাছ ধরে নিয়ে যায় সলেমান।
দীর্ঘ দুই বছর পর বুধবার শহরের চৌরাস্তা এলাকায় জহিরুলের সঙ্গে সলেমানের দেখা হলে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চায় সলেমান।
তাৎক্ষণিক বিচার না পেয়ে গতকাল চৌরাস্তা এলাকায় বসে বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়ে রাতে জহিরুলের ছোট ভাই ফিরোজের ঘর পুড়িয়ে দেয় বলে তাদের অভিযোগ।
এতে ভূস্মিভূত হয় পুরো বসতঘর। তবে এসময় ঘরের মধ্যে কেউ ছিলোনা। বিষয়টি জানতে সলেমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত ইলিয়াস তালুকদার বলেন, পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।