
সংবাদ ডেস্ক//
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সাবেক সদস্য এস এ কে একরামুজ্জানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সাবেক সদস্য এস এ কে একরামুজ্জানকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ১৩ জানুয়ারি ২০২৬ তারিখ নির্দেশক্রমে তার বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।
প্রসঙ্গত, একরামুজ্জামান দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর দল তাকে বহিষ্কার করে। সেই নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ‘কলার ছড়ি’প্রতীকে ৮৯ হাজার ৪২৪ ভোট পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকার প্রার্থী সাবেক সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন।
২০২৪ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। একই বছর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কমিটিতে একরামুজ্জামানকে উপদেষ্টা করা হয়। তবে তার দাবি, কমিটি ঘোষণার পরই তিনি পদত্যাগপত্র আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জমা দিয়েছেন।
এবার বিএনপি নাসিরনগর উপজেলা কমিটির সভাপতি আবদুল হান্নানকে প্রার্থী করেছে। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হন একরামুজ্জামান। ৮ নভেম্বর ঢাকার গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একরামুজ্জামান দেখা করেন। ৯ নভেম্বর তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নেন।