
নিজস্ব প্রতিবেদক//
পিরোজপুরের বেকুটিয়া সেতুতে মালবোঝাই ট্রলির সঙ্গে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে শান্ত এবং একই উপজেলার বাসিন্দা সাজিদ ও সুনান। আহতরা হলেন পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাহফুজুর রহমান (২৫) ও বেকুটিয়া এলাকার মধুর ছেলে জয় (২৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে পাঁচজন আরোহী কাউখালীর দিকে যাচ্ছিলেন। বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে পাঁচ আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শান্ত, সাজিদ ও সুনানের মৃত্যু হয়।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া সেতুতে দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
পিরোজপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নিজাম উদ্দিন জানান, দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল।
তাঁদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদেরও খুলনায় পাঠানো হয়। তিন তরুণের মৃত্যুর খবরে কাউখালী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।