
শারমিন জাহান//
‘ইত্যাদি’ মানেই চমক! একইসঙ্গে নান্দনিক মান। বিশেষ করে ঈদের বিশেষ ইত্যাদিতে থাকে ব্যাপক ও বর্ণিল আয়োজন। আসন্ন ঈদুল ফিতরেও তার ব্যতিক্রম হচ্ছে না।
সবচেয়ে বড় কথা, ইত্যাদি যেমন দুই যুগ আগের দর্শকদের কাছেও প্রিয়, তেমনি এই প্রজন্মের ডিজিটাল দর্শকদের কাছেও সমান প্রিয়। প্রতিটি ইত্যাদির ইউটিউব ট্রেন্ডিংয়ে থাকা সেটাই প্রমাণ করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফাগুন অডিও ভিশন জানায়, এবারের ঈদ ইত্যাদিতে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে দেখা যাবে দর্শকপর্বের অতিথি হিসাবে। আর তিনি সরাসরি অভিনয় করবেন দর্শকের মধ্য থেকে নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে!
ইত্যাদির নিয়মিত পর্বে প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শক নির্বাচন করা হলেও ঈদুল ফিতর উপলক্ষে ধারণকৃত ইত্যাদির দর্শক নির্বাচন করা হয়েছে বিভিন্ন উপকরণ দিয়ে।
হাজার হাজার দর্শক যখন এই উপকরণগুলো উপরে তুলে ধরেন, তখন এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি হয়। এরপর নির্বাচিত চারজন দর্শককে নিয়ে শুরু হয় দ্বিতীয় পর্ব। আর এই পর্বেই দর্শকদের সঙ্গে মুখোমুখি হচ্ছেন মোশাররফ করিম।
তিনি তাৎক্ষণিক প্রস্তুতিতে একাই দর্শকদের সঙ্গে তিনটি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। আর তা উপস্থিত দর্শকরা দারুণ উপভোগ করেন এবং মুহুর্মুহু করতালি দিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।
মোশাররফ করিম ও দর্শকদের অভিনয়ের মাধ্যমে উঠে এসেছে একটি চমৎকার বক্তব্য। ইত্যাদি কর্তৃপক্ষের প্রত্যাশা, উপস্থিত দর্শকের কাছে উপভোগ্য এই পর্ব বাড়ির দর্শকদেরও আনন্দ দেবে।
প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতরের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।