
সংবাদ ডেস্ক//
রাজবাড়ীর পাংশা উপজেলায় দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়ার ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার বাবা, মা, বোন ও ভাবিকে মারধর করার অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।
মারধরের শিকার ব্যক্তিরা হলেন সাংবাদিক রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস, মা ডলি আক্তার, বোন ঐশী আক্তার ও ভাবি শাহানা খাতুন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার পর পুঁইজোর বাজারে কৃষক লীগের এক নেতার ছেলে ও উপজেলা যুবলীগের সদস্য রনির নেতৃত্বে কয়েকজন যুবক একটি মিছিল বের করেন।
এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন সমর্থক মিছিলকারীদের ধাওয়া করেন। পরে রনিকে না পেয়ে তার বাড়িতে হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা চলে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক নেতা বলেন, হামলায় জড়িত ব্যক্তিরা একসময় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে চলাফেরা করতেন। তাদের সাহস থাকলে মিছিল করা যুবকদের ধরে পুলিশের হাতে তুলে দিতেন। মূলত পূর্বের প্রতিশোধ নেওয়া ও রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যেই তারা বসতবাড়িতে হামলা চালিয়েছেন।
ভুক্তভোগী গোলাম মোস্তফা লুলু অভিযোগ করে বলেন, স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে চলাফেরা করা আবদার, তার ছেলে তুর্কি, হৃদয়সহ আরও কয়েকজন এ হামলা চালান। এ সময় হামলাকারীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি করেন তিনি।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, সাংবাদিক অমিত হাসান রবিনের পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, রাত ৯টার দিকে ২০ থেকে ৩০ জনের একটি দল তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়।
ওসি আরও বলেন, সাংবাদিকের বাবা গোলাম মোস্তফা লুলু ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। তার ছেলে রনি মঙ্গলবার রাতে পুঁইজোর বাজারে আওয়ামী লীগের মিছিল করেন। এর পরপরই তাদের বাড়িতে হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। বর্তমানে ওই বাড়িতে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। রাতেই মামলা করার পরামর্শ দেওয়া হলেও পরিবারের সদস্যরা সকালে মামলা করবেন বলে জানিয়েছিলেন। তবে আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত তারা থানায় আসেননি। মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।