1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

রামেক হাসপাতালে উত্তেজনা,ছাত্রলীগ নেতাদের সঙ্গে ‘গোপন বৈঠক’

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে হাসপাতাল পরিচালকের গোপন বৈঠকের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এ ঘটনায় পরিচালকের কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন দুই ছাত্রলীগ নেতা।

তাদের বের করতে গিয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় ধস্তাধস্তি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই নেতাকে আটক করে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটক দুই নেতা হলেন রামেক ছাত্রলীগের সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, হাসপাতাল পরিচালকের সঙ্গে দুই ছাত্রলীগ নেতার গোপন বৈঠকের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা তার কার্যালয়ের সামনে জড়ো হন।

তারা দুই নেতাকে বের করে দেওয়ার দাবি জানান। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কার্যালয়ের দরজার লক ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।

পরে অতিরিক্ত পুলিশ, এসআরবি ও সিআরটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। দুপুর সাড়ে ১২টার দিকে দুই নেতাকে কার্যালয় থেকে বের করে আনা হয়।

এ সময় তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও মারধর করেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। পরে পুলিশ তাদের গাড়িতে করে নিয়ে যায়।

রামেক ছাত্রদলের সভাপতি আমরি মীম অভিযোগ করেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের সঙ্গে পরিচালকের বৈঠকের কোনো সুযোগ নেই।

ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিন এ ঘটনার তদন্ত এবং তাদের হাসপাতালে নিয়ে আসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান বলেন, দুই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। তাদের রাজনৈতিক উদ্দেশ্য ও ঘটনার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

তবে হাসপাতালের মুখপাত্র অধ্যাপক ডা. শেখ শামীম আহমেদ বলেন, ২০২৪ সালের আগস্টে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শুভ ও নাহিদের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করা হয়েছিল।

ওই সিদ্ধান্তের বিষয়ে কথা বলতেই তারা পরিচালকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এটি কোনো গোপন রাজনৈতিক বৈঠক ছিল না।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com