1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৫৫|

১৮ মাস বন্ধের পর আওয়ামী লীগ কার্যালয় পুনরায় চালু

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

সুনিল সরকার, পটুয়াখালী//

প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর পটুয়াখালীর দশমিনা উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগের স্থায়ী দলীয় কার্যালয় পুনরায় চালু হয়েছে। বিষয়টি কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে দশমিনা সদর ইউনিয়নের নলখোলা বন্দরে অবস্থিত দলটির স্থায়ী কার্যালয়ের প্রধান ফটকের তালা খুলে কার্যক্রম শুরু করা হয়।

উপজেলা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হাওলাদার এবং দশমিনা সরকারি কলেজ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ প্যাদারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে কার্যালয়টি উদ্বোধন করা হয়।

পরে নেতাকর্মীরা কার্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যক্রম পুনরায় শুরু করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর দলীয় কার্যালয় চালু হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বিএনপি নেতা বলেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক পরিস্থিতির কারণে আওয়ামী লীগের কার্যক্রম অনেক এলাকায় স্থবির হয়ে পড়ে এবং দলীয় কার্যালয় বন্ধ ছিল। তবে সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের পর বিভিন্ন স্থানে দলটির কার্যালয় পুনরায় চালুর ঘটনা লক্ষ্য করা যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, নির্বাচনের পর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের তালা খোলা হচ্ছে বলে আমরা জানতে পারছি। বিষয়টি রাজনৈতিকভাবে কী বার্তা দিচ্ছে এবং এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের ভূমিকা কী ছিল, তা স্পষ্ট নয়।

তিনি আরও দাবি করেন, দলীয় কার্যালয় পুনরায় চালুর বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হলে জনমনে বিদ্যমান প্রশ্ন ও সংশয় দূর হবে।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম বলেন, বর্তমানে দেখছি, বিএনপির ক্ষমতা আসার পরে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের পার্টি অফিস পুনরায় খুলে দেওয়া হচ্ছে। তারা কি সত্যিই আওয়ামী লীগকে পুনর্বাসন দিচ্ছে, তা আমার বোধগম্যের মধ্যে পড়ছে না।

তবে থানা পুলিশ এ বিষয়ে অবগত কি না, তা আমার জানা নেই। যদি পুলিশ এ বিষয়টি প্রতিহত করতে ব্যর্থ হয়ে থাকে, আমরা প্রয়োজনে সহযোগিতা দিতে প্রস্তুত।

দীর্ঘদিন পর দলীয় কার্যালয় পুনরায় চালু হওয়া রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হলেও এ বিষয়ে প্রশাসনের অবস্থান ও সার্বিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট পক্ষের সুস্পষ্ট বক্তব্য পরিস্থিতি আরও পরিষ্কার করতে সহায়ক হবে।

এ বিষয়ে দশমিনা থানার ওসি আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com