1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৫:০৫|

ছেলের ধাক্কায় প্রাণ গেল মায়ের

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

গোপালগঞ্জ সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে ছেলের ধাক্কায় রহিমা বেগম (৮৫) নামে এক বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাতে সদর উপজেলার আড়পাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে নুরুল গাজী পলাতক রয়েছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধা রহিমা বেগম সম্প্রতি তার আপন ভাইকে এক কাঠা জমি দান করেন। এই জমি দান করাকে কেন্দ্র করে ছেলে নুরুল গাজীর সঙ্গে তার মামা ও মামাতো ভাইদের দীর্ঘদিনের বিরোধ চলছিল।

বুধবার রাতে এ বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও ঝগড়া শুরু হয়। বিবাদ থামাতে বৃদ্ধা রহিমা বেগম এগিয়ে গেলে উত্তেজিত ছেলে নুরুল গাজী তাকে ধাক্কা দেন।

এতে তিনি মাটিতে আছড়ে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক জিলানী জানান, হাসপাতালে আনার আগেই বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বিষয়টি উঠে এসেছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান। ঘটনার পর থেকেই অভিযুক্ত নুরুল গাজী আত্মগোপনে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com