1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:০৫|

বাংলাদেশ সিরিজ সমতায় ফিরল দাপুটে জয়ে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

বোলিংয়ের পর ব্যাটিংয়ে দাপট দেখালো বাংলাদেশ। এতে করেই নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটের দারুণ জয় পেয়েছে টাইগাররা। এ জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতায়ও পেল বাংলাদেশ।

আজ সোমবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বেলা ১১টায় ম্যাচটি শুরু হয়।

যেখানে নাহিদ রানার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট দখলের ম্যাচে ৪৮.৪ ওভারে ১৯৮ রানে শেষ হয়েছে নিউজিল্যান্ডের ইনিংস। জবাবে ৪ উইকেট হারিয়ে ও ৮৭ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২১ রানে ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকারকে হারায় স্বাগতিকরা। তবে তৃতীয় উইকেট জুটিতে হাল ধরেন আরেক ওপেনার তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। তারা ১১০ বলে ঝড়ো ১২০ রান তোলেন।

এই জুটিতে বেশ আক্রমণাত্মক ছিলেন তানজিদ। তিনি ৫৮ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ৭৬ রান করেন। ২৩তম ওভারে জাডেন লিনক্স তাকে আউট করেন।

লিনক্সের দ্বিতীয় শিকার হওয়া অধিনায়ক লিটন দাস অবশ্য মাত্র ৭ রানে বিদায় নেন। তবে এর কিছুক্ষণ পর প্রচণ্ড গরম ও আর্দ্র আবহাওয়ায় পায়ে টান ধরে শান্তর।

তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। শেষ পর্যন্ত রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়ে চলে যান। ৭১ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫০ রান করেন তিনি। শেষ দিকে ৩১ বলে ৩০ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন তাওহীদ হৃদয়।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ইনিংসের শুরু থেকেই আক্রমণ চালান নাহিদ। যদিও দলীয় অষ্টম ওভারে এসে প্রথম সফলতা পায় বাংলাদেশ।

১৩ রান করা হেনরি নিকোলসকে এলবি করে ফেরান ডানহাতি এই পেসার। তিন নম্বরে নামা উইল ইয়ংকেও তিনি মাঠ ছাড়া করান। মাঝে মোহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফ্ট ও জেডেন লিনক্সকে ফিরিয়ে পাঁচ উইকেটের মাইলফলক গড়েন।

অবশ্য কিউই ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি নেন শরিফুল ইসলাম। তিনি ওপেনার নিক কেলিকে ৮৩ রানে তাওহীদ হৃদয়ের ক্যাচে প্যাভিলিয়নে ফেরান। সফরকারীদের ইনিংসে সর্বোচ্চ রান করা কেলি ১০২ বলে ১৪টি চারে নিজের ইনিংস সাজান। তবে দলের অন্যদের কেউই আর ২০ রান করতে পারেননি।

বাংলাদেশ বোলারদের মধ্যে নাহিদ ছাড়া শরিফুল ২টি ও তাসকিন আহমেদ, সৌম্য সরকার ও রিশাদ হোসেন ১টি করে উইকেট দখল করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com