
সংবাদ ডেস্ক//
গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। এই হিসাব শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে শুধু ময়মনসিংহ বিভাগেই ৪ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ঢাকা ও খুলনা বিভাগে হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে আজ শনিবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে মোট ৭০৮ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৪৫ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৭৪৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ৯৮ হাজার ২৬৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে একই সময়ে মোট ১১ হাজার ৫৯৪ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮১ হাজার ৯৫৫ রোগী। যাদের মধ্যে ৭৮ হাজার ২৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।