
সংবাদ ডেস্ক//
বিশ্বের ৮২ দেশের ৫০৯ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (RISSC) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস ২০২৭’ শীর্ষক বার্ষিক সংকলনে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকাশিত ২০২৭ সালের তালিকায় বাংলাদেশের তিনজন ব্যক্তিত্বের নাম রয়েছে। তাঁরা হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শিক্ষাবিদ ড. হামিদা হোসেন ও রাজিয়া সুলতানা। তালিকায় তারেক রহমানকে রাজনৈতিক প্রভাবের ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
‘দ্য মুসলিম ৫০০’-এর ওয়েবসাইটে প্রকাশিত তারেক রহমানের পরিচিতিতে তাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর রাজনৈতিক জীবনের পাশাপাশি দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থান এবং সেখান থেকে বিএনপির নেতৃত্ব দেওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে।
প্রকাশনায় বলা হয়েছে, ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরার পর ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেন তারেক রহমান। ওই নির্বাচনে দলটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পরবর্তী সময়ে ১৭ ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
প্রতিবছর প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০’ বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের কর্মকাণ্ড, নেতৃত্ব ও প্রভাবের ভিত্তিতে তৈরি করা হয়। এতে রাজনীতি, ধর্মীয় নেতৃত্ব, শিক্ষা, বিজ্ঞান, ব্যবসা, সংস্কৃতি, গণমাধ্যম ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্বদের অন্তর্ভুক্ত করা হয়।
২০২৭ সালের সংস্করণে বিশ্বের ৮২টি দেশের মোট ৫০৯ জন ব্যক্তিত্বের নাম রয়েছে। এর মধ্যে ২৯ জন নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছেন। তালিকাটি প্রকাশ করেছে জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার।
উল্লেখ্য, তালিকায় নাম অন্তর্ভুক্তির অর্থ এই নয় যে সংশ্লিষ্ট ব্যক্তি শীর্ষ ৫০-এর মধ্যে অবস্থান করছেন। তারেক রহমানের নাম রাজনৈতিক প্রভাবের ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।